এআই চ্যাটবট ব্যবহারে কর্মীদের সতর্ক করল গুগল

১৬ জুন, ২০২৩ ১৯:০৫  

নিজেদের চ্যাটবট ‘বার্ড’ সহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত চ্যাটবট ব্যবহারে কর্মীদের সতর্ক করেছে গুগলের মূল কোম্পানি আলফাবেট ইনক। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাবেট-এর চারজন কর্মী।

তারা জানিয়েছে, কর্মীরা যাতে কোম্পানিটির গোপনীয় তথ্যগুলো এআই চ্যাটবটে প্রবেশ না করায়, সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে আলফাবেট। মূলত কোম্পানিটি তথ্যের সুরক্ষা নিশ্চিতে দীর্ঘস্থায়ী নীতি গ্রহণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে।

অথচ গুগল নিজেই জনসাধারণের ব্যবহারের জন্য বিশ্বব্যাপী বার্ডকে উন্মুক্ত করে দিয়েছে।

বলা হচ্ছে, বার্ড ও চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলো মূলত 'জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স'-এর মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে আলাপাচারিতা চালায় এবং অসংখ্য প্রম্পট বা প্রশ্নের উত্তর দিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে চ্যাটবটগুলোর রিভিউয়ারদের এই কথোপকথন পড়ার সম্ভবনা রয়েছে। এমনকি গবেষকদের মতে, প্রাপ্ত ট্রেনিং অনুযায়ী চ্যাটবটগুলো সংরক্ষণকৃত ডেটা ফের প্রকাশ করতে পারে। যা তথ্য ফাঁস হওয়ার মতো ঝুঁকি তৈরি করবে।

এমন পরিস্থিতিতে এআই চ্যাটবটের তৈরি করা কম্পিউটার কোড সরাসরি ব্যবহার না করার বিষয়ে অ্যালফাবেট নিজেদের প্রকৌশলীদের সাবধান করেছে। এ সম্পর্কে আলফাবেটের পক্ষ থেকে বলা হয়, বার্ড সাজেশন হিসেবে অপ্রত্যাশিত কোড তৈরি করতে পারে। তবে একইসঙ্গে চ্যাটবটটি প্রোগ্রামারদের জন্য উপকারী বলে কোম্পানিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গুগল বলছে, এটি নিজেদের প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে স্বচ্ছ থাকতে বদ্ধপরিকর। ইনসাইডার-এর তথ্যমতে, বর্তমানে বিশ্বের প্রায় ১৮০টিরও বেশি দেশে প্রায় ৪০টি ভাষায় বার্ড ব্যবহৃত হচ্ছে।

অন্যদিকে স্যামসাং, অ্যামাজন ও ডয়েচে ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোও এআই চ্যাটবট ব্যবহারে বিধি-নিষেধ জারি করেছে। যদিও আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের কাছে জানতে চাওয়া হলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অ্যাপলও এআই চ্যাটবট ব্যবহারের কর্মীদের প্রতি বিধি-নিষেধ জারি করেছে বলে জানা গেছে।